রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নিয়মিত অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে বিভিন্ন থানা পুলিশ অংশ নেয়।
মঙ্গলবার (২১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, সোমবার (২০ জুলাই) তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও থানা এলাকা থেকে নয়জন, শেরেবাংলা নগর থানা এলাকা থেকে নয়জন, মোহাম্মদপুর থানা এলাকা থেকে ১৫ জন, আদাবর থানা এলাকা থেকে সাতজন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে ১০ জন এবং হাতিরঝিল থানা এলাকা থেকে ১২ জনকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।