আইএফএফএইচএসের চোখে বিশ্বকাপের সেরা ফুটবলার মেসি

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বুধবার, ২২ জুলাই, ২০২৬

ফিফার অফিসিয়াল গোল্ডেন বল না পেলেও ২০২৬ ফুটবল বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে লিওনেল মেসিকে ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিকস (আইএফএফএইচএস)।

বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা। ম্যাচ শেষে ফিফার দেওয়া ব্যক্তিগত পুরস্কারে গোল্ডেন বল জেতেন স্পেনের অধিনায়ক রদ্রি। আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি পান সিলভার বল, আর ফ্রান্সের কিলিয়ান এমবাপে পান ব্রোঞ্জ বল।

তবে আইএফএফএইচএস তাদের নিজস্ব তথ্যভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে মেসিকেই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত করেছে। সোমবার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, বিশ্বকাপে একজন খেলোয়াড়ের সামগ্রিক অবদান মূল্যায়নে তারা নিজস্ব সূচক ব্যবহার করেছে। এতে ম্যাচ রেটিং, গোল, অ্যাসিস্ট এবং বিশেষ করে নকআউট পর্বে একজন খেলোয়াড়ের প্রভাবকে গুরুত্ব দেওয়া হয়েছে।

আইএফএফএইচএস জানায়, বিশ্বকাপের প্রতিটি ম্যাচের পারফরম্যান্স বিশ্লেষণের পর দেখা গেছে, লিওনেল মেসির সামগ্রিক পারফরম্যান্স অন্যদের চেয়ে এগিয়ে। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, খ্যাতি বা আবেগের কারণে নয়, বরং পরিসংখ্যানের নির্ভুল মূল্যায়নের ভিত্তিতেই মেসিকে সেরা খেলোয়াড় হিসেবে বেছে নেওয়া হয়েছে।

৩৯ বছর বয়সী মেসি ২০২৬ বিশ্বকাপে সাতটি ম্যাচ খেলেছেন। মাঠে ছিলেন মোট ৬২৬ মিনিট। এই সময়ে তিনি করেছেন ৮টি গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৪টি গোল। অর্থাৎ সরাসরি ১২টি গোলে অবদান রেখেছেন আর্জেন্টাইন এই মহাতারকা। আইএফএফএইচএসের হিসাবে তার গড় ম্যাচ রেটিং ছিল ৮.৩৩। সংস্থাটি বলেছে, মেসির এই সাফল্য কোনো একটি বা দুটি দুর্দান্ত ম্যাচের ওপর নির্ভরশীল নয়। গ্রুপ পর্ব থেকে শুরু করে নকআউট পর্ব এবং ফাইনাল পর্যন্ত পুরো টুর্নামেন্টজুড়ে তার ধারাবাহিক পারফরম্যান্সই তাকে এগিয়ে রেখেছে।

আইএফএফএইচএস আরও জানিয়েছে, বিশ্বকাপে একজন খেলোয়াড়ের প্রকৃত মূল্যায়ন হয় গুরুত্বপূর্ণ মুহূর্তে দলের জন্য কতটা পার্থক্য তৈরি করতে পারেন, তার ওপর। সেই বিবেচনায় নকআউট পর্বে মেসির প্রভাব ছিল সবচেয়ে বেশি। ১৯৯১ সাল থেকে ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান নিয়ে কাজ করে আসা আইএফএফএইচএস জানিয়েছে, তথ্য ও পরিমাপের ভিত্তিতে বিশ্বের সেরা পারফরম্যান্স মূল্যায়ন করাই তাদের লক্ষ্য। সেই মানদণ্ডে ২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি।