সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব অনুষ্ঠিত

সাতক্ষীরা ক্রাইম রিপোর্টার, আব্দুর রশিদ প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সাহিত্য, সংস্কৃতি ও সমাজের বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনরা অংশ নেন।

জেলা সাহিত্য পরিষদের সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মো. শহীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা ও সমাজসেবক আলহাজ ডা. আবুল কালাম বাবলা, জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম এবং জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক আব্দুল হামিদ এবং সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক বাসুদেব বসু। তারা রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন এবং বাংলা সংস্কৃতিতে তাদের অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা কিশোরী মোহন সরকার, ছফুরুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম, অধ্যাপক আবু নছর, আব্দুর রব ওয়ার্ছি, অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি আখতারুজ্জামান, কবি শুভ্র আহমেদ, কণ্ঠশিল্পী আবু আফফান রোজ বাবু, শহিদুল ইসলাম, মনিরুজ্জামান মনির ও নারায়ণ চন্দ্র সাধুসহ অনেকে।

অনুষ্ঠানে জেলা সাহিত্য পরিষদের সদস্য, কবি-সাহিত্যিক, শিল্পী, সংস্কৃতিকর্মী এবং সাহিত্যপ্রেমীরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ম. জামান।