মাহদী আমিনের সঙ্গে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টরের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বাংলাদেশে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার মুখপাত্র মাহ্দী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে সরকারের বিভিন্ন অগ্রাধিকারমূলক কর্মসূচি, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সুরক্ষা এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নসহ নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, দেশব্যাপী কর্মসংস্থান সৃষ্টি, নারীদের কর্মসংস্থান বৃদ্ধি, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সম্প্রসারণ এবং প্রান্তিক ও তৃণমূল পর্যায়ের নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হয়।

আলোচনায় সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে আরও কার্যকরভাবে সম্প্রসারণ এবং এর আওতায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের অন্তর্ভুক্তি বাড়ানোর বিষয় গুরুত্ব পায়। পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং কর্মসংস্থানমুখী শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেওয়া হয়।

সাক্ষাৎকালে তৃণমূল পর্যায়ের মানুষের ক্ষমতায়ন, সরকারের বিভিন্ন নীতি ও অগ্রাধিকারমূলক কর্মসূচির বাস্তবায়ন কৌশল এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া জনকল্যাণ, কর্মসংস্থান সৃষ্টি এবং সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়েও মতবিনিময় করেন উভয় পক্ষ।

বিশ্বব্যাংকের প্রতিনিধিরা বিশ্বের বিভিন্ন দেশে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে ভাগ করে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা প্রদান এবং সংশ্লিষ্ট খাতে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহের কথাও জানান।

বৈঠকে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন গেইল এইচ. মার্টিন, ধ্রুব শর্মা, আনিকা রহমান, সৈয়দ রাশেদ, আল-জায়েদ জশ এবং শ্রায়না ভট্টাচার্য।