মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামি গ্রেফতার

মাদারীপুর জেলা প্রতিনিধি, প্রণব কুমার সাহা প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলায় এজাহারভুক্ত তিন আসামিকে আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে বাগেরহাট জেলার রামপাল উপজেলা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন— নিহত লামিয়ার শ্বশুর খোকন বেপারি এবং তার দুই ননদ রিংকি ও লিমা। পুলিশ জানিয়েছে, তারা সবাই লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় আসামি।

মাদারীপুর জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনার তত্ত্বাবধানে আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হয়।

মাদারীপুর সদর মডেল থানার অন্তর্গত শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাজেদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম সাঁড়াশি অভিযান চালায়। পরে সোমবার রাত আনুমানিক আড়াইটার দিকে বাগেরহাট জেলার রামপাল উপজেলার একটি আত্মীয়ের বাড়ি থেকে তিন আসামিকে আটক করা হয়।

পুলিশ জানায়, লামিয়া হত্যা মামলার ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, মামলার সব আসামিকে আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

লামিয়া হত্যা মামলা মাদারীপুরে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। ঘটনার পর থেকেই জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আসছিলেন নিহতের পরিবার ও স্থানীয়রা।