অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ, চট্টগ্রাম অঞ্চল। দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মধ্যে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেছে সংস্থাটি।
মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়ন পরিষদ মাঠে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং কারিতাস বাংলাদেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব তিলক কান্তি দাস, রেজাউল করিম, শ্যামল বিশ্বাস, সুমন কোড়াইয়া, অল্টার ডায়েস, লিটন বিশ্বাস, ইকবাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে কারিতাস বাংলাদেশের প্রতিনিধিরা বলেন, পাহাড়ি ঢল ও ভূমিধসের কারণে এ অঞ্চলের বহু পরিবার চরম দুর্ভোগে পড়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের এই সংকটময় সময়ে তাদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। তারা জানান, দুর্যোগকবলিত মানুষের উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রমে কারিতাস বাংলাদেশ দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। সরকারি উদ্যোগের পাশাপাশি এ ধরনের মানবিক সহায়তা দুর্গত মানুষের কষ্ট লাঘবে ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।
ত্রাণ নিতে আসা ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান, আকস্মিক পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে তাদের ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে এবং অনেকের বসতভিটা ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফসলি জমি ও গবাদিপশুর ক্ষতির কারণে তারা চরম সংকটে পড়েছেন। এ অবস্থায় জরুরি খাদ্য ও ত্রাণসামগ্রী পেয়ে তারা কিছুটা স্বস্তি ফিরে পেয়েছেন বলে জানান।
আয়োজকরা জানান, স্বাস্থ্যবিধি অনুসরণ এবং সুশৃঙ্খল পরিবেশ বজায় রেখে এওচিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রকৃত ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের হাতে জরুরি ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়েছে।