নাচোলে দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

নাচোল উপজেলা প্রতিনিধি, সফিকুল ইসলাম  প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নানা কর্মসূচির মধ্য দিয়ে দুর্নীতি প্রতিরোধ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ ওবায়দুর রহমানের সভাপতিত্বে ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিষয়ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বিতর্ক প্রতিযোগিতায় সোনাইচন্ডি উচ্চ বিদ্যালয়, খুরশেদমোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, এশিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং সোনাইচন্ডি উচ্চ বিদ্যালয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দাস বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, সোনাইচন্ডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম।

বিতর্ক প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা ও সহকারী প্রোগ্রামার সোহেল রানা। অনুষ্ঠান পরিচালনায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দীন খান।