পীরগঞ্জে ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; থানায় মামলা দায়ের

রংপুর ভ্রাম্যমাণ প্রতিনিধি,আব্দুল্লাহীল কাফী মাসুম প্রকাশিত হয়েছে- সোমবার, ২০ জুলাই, ২০২৬

রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা বাজারে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নুরে আলম সরকার (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে পীরগঞ্জ থানার এসআই (নিঃ) মো. ইমরান হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ১৪ নম্বর চতরা ইউনিয়নের ইকলিমপুর মৌজার চতরা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে চতরা বাজারের সরকার মার্কেটে নুরে আলম সরকারের কাপড়ের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে হেফাজতে থাকা ১১০ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৩ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃত নুরে আলম সরকার পীরগঞ্জ উপজেলার ইকলিমপুর (আলতাবনগর মসজিদ সংলগ্ন) এলাকার মৃত আলী আকবর সরকারের ছেলে।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ইয়াবাসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।

এ ঘটনায় পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-২২/২৩৭। পরে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।