ইউনিফর্ম পরে আ’লীগের মনোনয়ন জমা অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- সোমবার, ২০ জুলাই, ২০২৬

পুলিশের ইউনিফর্ম পরে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দেওয়ার অনুষ্ঠানে অংশ নেওয়ার অভিযোগে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামানকে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার।

সোমবার (২০ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা প্রজ্ঞাপনে তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী গুরুদণ্ড হিসেবে বাধ্যতামূলক অবসর দেওয়ার কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪ সালের ২৯ এপ্রিল ঝিনাইদহ-১ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী তার ছোট ভাই মো. ওয়াহিদুজ্জামান ঢাকার ধানমন্ডিতে দলটির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে গেলে মো. মনিরুজ্জামান পুলিশের ইউনিফর্ম পরিহিত অবস্থায় সেখানে উপস্থিত ছিলেন এবং ওই কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন।

এ ঘটনার পরদিন ৩০ এপ্রিল বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদমাধ্যমে ইউনিফর্ম পরিহিত অবস্থায় তার উপস্থিতির ছবি ও সংবাদ প্রকাশিত হয়। অভিযোগ ওঠে, একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবে তিনি শিষ্টাচারবহির্ভূত আচরণ করেছেন, নির্বাচনী প্রক্রিয়ায় বেআইনিভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন এবং পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয় এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তিনি লিখিত জবাব দিলেও ব্যক্তিগত শুনানিতে অংশ নিতে অনাগ্রহ প্রকাশ করেন। পরে অভিযোগের গুরুত্ব বিবেচনায় তিন সদস্যের তদন্ত বোর্ড গঠন করা হয়। তদন্ত শেষে বোর্ড অভিযোগগুলো প্রমাণিত হয়েছে বলে মতামত দেয়।

পরবর্তীতে দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি কোনো জবাব দেননি। অভিযোগ, তদন্ত প্রতিবেদন ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনার পর তাকে বাধ্যতামূলক অবসর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতামত নেওয়া হলে তারাও এ সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে রাষ্ট্রপতির অনুমোদনের পর সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামানকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।

এর আগে ২০২৪ সালের আগস্টে স্বেচ্ছায় অবসর চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে আবেদন করেছিলেন মনিরুজ্জামান। ওই আবেদনে তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে আর চাকরি করা সমীচীন নয় বলে উল্লেখ করেছিলেন। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের সময়ে পুলিশের ভূমিকা নিয়েও বিভিন্ন মন্তব্য করেছিলেন। তিনি তার আবেদনপত্রে তৎকালীন সরকারের সময়ে পুলিশের ওপর রাজনৈতিক প্রভাব এবং বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ আদেশে তাকে বিভাগীয় তদন্তের ভিত্তিতে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।