সাতক্ষীরার আশাশুনি উপজেলায় দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) সকাল ১০টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পৃথক কক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
“রুখবো দুর্নীতি, গড়বো দেশ—হবে সোনার বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, খুলনার সার্বিক সহযোগিতায় এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ চিত্তরঞ্জন ঘোষের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুণ্ডু। বিশেষ অতিথি ছিলেন দুদক সমন্বিত জেলা কার্যালয়, খুলনার উপ-সহকারী পরিচালক মো. মহসীন আলী।
এ সময় আরও উপস্থিত ছিলেন আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি জি. এম. মুজিবুর রহমান, শরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কমিটির অন্যান্য সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে নতুন প্রজন্মকে নৈতিক মূল্যবোধ, সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী মানসিকতা গড়ে তুলতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন।
প্রতিযোগিতায় রচনা বিভাগে ‘ক’ গ্রুপে প্রথম স্থান অর্জন করেন মাড়িয়ালা হাই স্কুলের আনিশা বুশরা মিম, দ্বিতীয় হন বদরতলা স্কুলের প্রার্থনা গাইন এবং তৃতীয় হন কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয়ের মাশকুর জাহান। ‘খ’ গ্রুপে প্রথম হন কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয়ের কোয়াল গাইন, দ্বিতীয় এইচকেআরএইচ বিদ্যালয়ের মুক্তি সরকার এবং তৃতীয় হন আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের নিশাত তাছমিম।
বিতর্ক প্রতিযোগিতায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং গুনাকরকাটি শাহ মোহাম্মদ ইয়াহিয়া মাধ্যমিক বিদ্যালয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন গুনাকরকাটি শাহ মোহাম্মদ ইয়াহিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দলনেতা জান্নাতুল মাওয়া।
অনুষ্ঠানের শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্য শিক্ষার্থীদেরও সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।