ময়মনসিংহ-১১ আসনের এমপি বাচ্চুকে শোকজ

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- রবিবার, ১৯ জুলাই, ২০২৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য (এমপি) ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শনিবার (১৮ জুলাই) বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিএনপির দেওয়া নোটিশে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর দলীয় শৃঙ্খলাবিরোধী বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০২৪ সালের ১ সেপ্টেম্বর ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে তিনি নিজের কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করে আবেদন করলে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫ সালের ২৪ অক্টোবর তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয় এবং তাকে পুনরায় প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়।

তবে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও দলীয় সূত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে বিএনপি অভিযোগ করছে, ফখর উদ্দিন আহমেদ বাচ্চু ও তার ঘনিষ্ঠ ব্যক্তিরা আবারও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ, প্রভাব বিস্তারসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন।

নোটিশে বলা হয়, এসব গুরুতর অভিযোগের বিষয়টি আমলে নিয়ে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে দলের গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হতে পারে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসন থেকে বিএনপির মনোনয়নে নির্বাচিত হন ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। একজন সংসদ সদস্যের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পুনরায় শোকজের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।