চন্দ্রগঞ্জে ভবভদ্রী ব্রিজ ইস্যুতে মানববন্ধন, নিরপেক্ষ তদন্তের দাবি

চন্দ্রগঞ্জ উপজেলা প্রতিনিধ, মুহাম্মদ মাহফুজুল ইসলাম প্রকাশিত হয়েছে- রবিবার, ১৯ জুলাই, ২০২৬

চৌমুহনী (চৌরাস্তা)-লক্ষ্মীপুর ফোর লেন মহাসড়ক প্রকল্পে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের ভবভদ্রী ব্রিজের প্রবেশমুখ ফোর লেন সড়কের সঙ্গে যুক্ত করার অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।

গত শনিবার (১৮ জুলাই) বিকেলে আয়োজিত মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা অভিযোগ করেন, অনুমোদিত নকশায় পরিবর্তন এনে ভবভদ্রী ব্রিজের প্রবেশমুখ ফোর লেন মহাসড়কের সঙ্গে সংযুক্ত করার চেষ্টা করা হচ্ছে। এতে জননিরাপত্তা, সড়ক চলাচলের নিরাপত্তা এবং ব্রিজের স্থায়িত্ব ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

বক্তারা বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অনুমোদিত নকশা অনুসরণ করা জরুরি। তারা প্রকল্পের মূল নকশা অনুযায়ী কাজ বাস্তবায়নের দাবি জানান।

এ সময় তারা বিষয়টি নিয়ে একটি নিরপেক্ষ ও কারিগরি তদন্তের আহ্বান জানান। পাশাপাশি জনস্বার্থ ও সাধারণ মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ফোর লেন মহাসড়ক প্রকল্পের কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান।