কুষ্টিয়ার খোকসায় গভীর রাতে জোড়া খুন: দুর্বৃত্তদের হামলায় নিহত ২

ক্রাইম রিপোর্টার কুষ্টিয়া, শাহরিয়ার প্রকাশিত হয়েছে- রবিবার, ১৯ জুলাই, ২০২৬

কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় গভীর রাতে দুর্বৃত্তদের হামলায় দুই ব্যক্তি নিহত এবং আরও দুইজন গুরুতর আহত হওয়ার ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় একদল অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মো. ফারুক, আওয়াল শেখ, আতি শেখ ও মল্লিক মন্ডলের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা এলোপাতাড়ি কুপিয়ে ও আঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই মো. ফারুক ও আওয়াল শেখ নিহত হন।

এ সময় গুরুতর আহত হন আতি শেখ ও মল্লিক মন্ডল। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে দ্রুত তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রাথমিকভাবে এই নৃশংস জোড়া হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পূর্বশত্রুতা, আধিপত্য বিস্তার কিংবা অন্য কোনো অভ্যন্তরীণ বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।

হত্যাকাণ্ডের খবর পেয়ে বৃহস্পতিবার সকালে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহত দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন, হামলাকারীদের শনাক্ত এবং দ্রুত গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ ও গোয়েন্দা বিভাগের একাধিক টিম কাজ শুরু করেছে।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। তদন্ত শেষ হলে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে।