চট্টগ্রামের লোহাগাড়ায় আমিরাবাদ হাছির পাড়া-গাবতলী সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়কটির উন্নয়ন কাজের উদ্বোধন করেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এমপি শাহজাহান চৌধুরী বলেন, “উন্নত যোগাযোগ ব্যবস্থা যেকোনো এলাকার সামগ্রিক উন্নয়নের মূল ভিত্তি। যোগাযোগ ব্যবস্থা আধুনিক না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন কখনোই সম্ভব নয়।” স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে ৬৬ লাখ ৯৮ হাজার ১২৮ টাকা ব্যয়ে সড়কটির উন্নয়ন কাজ সম্পন্ন করা হয়েছে।
এ সময় সংসদ সদস্য আরও বলেন, সড়ক যোগাযোগ উন্নত হলে শুধু মানুষের যাতায়াত সহজ হয় না, কৃষিপণ্য দ্রুত বাজারজাত করা সম্ভব হয়। এর ফলে স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটে এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এলাকার সড়কগুলো পর্যায়ক্রমে উন্নয়নের আওতায় আনা হবে। উন্নয়ন কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা গাফিলতি বরদাশত করা হবে না বলেও সতর্ক করেন তিনি।
জনগণের অর্থে নির্মিত প্রতিটি সড়কের গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে শাহজাহান চৌধুরী সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে লোহাগাড়া উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, উপজেলা জামায়াত নেতা অধ্যাপক মোহাম্মদ হাসান, মাস্টার মোবারক হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এদিকে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হওয়ায় সড়কটি চালু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। এলাকাবাসী জানান, বর্ষা মৌসুমে সড়কটির বেহাল অবস্থার কারণে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হতো। নতুন সড়ক নির্মাণের ফলে এখন যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি এলাকার কৃষি, ব্যবসা ও অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা করছেন তারা।
স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, উন্নত সড়ক ব্যবস্থা এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।