সুনামগঞ্জে নদ-নদীর পানি বাড়ছে, তবে এখনো বিপৎসীমার নিচে রয়েছে সব নদী

দোয়ারাবাজার প্রতিনিধি,ইয়াছিন আলী খান প্রকাশিত হয়েছে- শনিবার, ১৮ জুলাই, ২০২৬

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অব্যাহত ভারী বৃষ্টিপাতের কারণে সুনামগঞ্জ জেলার বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তবে এখন পর্যন্ত জেলার কোনো নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

শনিবার (১৮ জুলাই) সকাল ১০টার বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ সংক্রান্ত তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ পাউবো এ তথ্য জানায়।

পাউবোর তথ্য অনুযায়ী, ছাতক পয়েন্টে সুরমা নদীর পানির উচ্চতা ৮ দশমিক ৪৮ মিটার রেকর্ড করা হয়েছে, যা বিপৎসীমার ২২ সেন্টিমিটার নিচে রয়েছে। একই নদীর সুনামগঞ্জ সদর পয়েন্টে পানির স্তর রয়েছে ৭ দশমিক ৩২ মিটার, যা বিপৎসীমার ৪৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে শক্তিয়ারখলা-লাউরেরগড় পয়েন্টে যাদুকাটা নদীর পানির স্তর ৭ দশমিক ২৪ মিটার রেকর্ড করা হয়েছে। বর্তমানে এ নদীর পানি বিপৎসীমার ৮১ সেন্টিমিটার নিচে রয়েছে। এছাড়া দিরাই উপজেলার কালনী নদীর পানিও বিপৎসীমার ৫৭ সেন্টিমিটার নিচে অবস্থান করছে।

অন্যদিকে জগন্নাথপুর ও সোলেমানপুর পয়েন্টে কালনী নদীর পানির উচ্চতা যথাক্রমে ৬ দশমিক ৫১ মিটার ও ৬ দশমিক ৪৪ মিটার রেকর্ড করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে ছাতকে সর্বোচ্চ ৮৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া লাউরেরগড়ে ৫৮ মিলিমিটার, সুনামগঞ্জ সদরে ৫২ মিলিমিটার এবং দিরাইয়ে ২৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (পওর-২) এমদাদুল হক জানান, ভারতের উজান অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকায় আগামী কয়েক দিনে জেলার নদ-নদীর পানি আরও বাড়তে পারে। বন্যা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব দপ্তরকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।