সাতকানিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড ও জরিমানা

চট্টগ্রাম প্রতিনিধি, মারুফ প্রকাশিত হয়েছে- শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চট্টগ্রামের সাতকানিয়ায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের দায়ে চার ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গত শুক্রবার (১৭ জুলাই) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে সাতকানিয়া পৌরসভার সামিয়ার পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সামছুজ্জামান।

দণ্ডপ্রাপ্তরা হলেন—মো. মুনা (১৯), পিতা মো. জহির মিয়া; মো. কামাল (৫৫), পিতা হেনজু মিয়া; মো. মিজানুর রহমান (২০), পিতা মো. জসিম এবং মো. সাকিব (২০), পিতা মো. হারুন মিয়া।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সামিয়ার পাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনরত অবস্থায় চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে সাজা প্রদান করা হয়।

আদালত সূত্রে আরও জানা গেছে, চারজনকে সর্বমোট ২০০ টাকা অর্থদণ্ড এবং ১৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযান শেষে সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সামছুজ্জামান বলেন, জনস্বার্থে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।