থানার ব্যারাক থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চট্টগ্রামের লোহাগাড়া থানার পুলিশ ব্যারাক থেকে মো. আজিজুল হক (৫০) নামে এক উপপরিদর্শকের (এসআই) মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সহকর্মীরা তাকে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া না পেয়ে থানার ব্যারাকে তার কক্ষে যান। পরে বিছানায় তাকে মৃত অবস্থায় দেখতে পান।

নিহত আজিজুল হক দুই মাস আগে রাঙামাটি জেলার কাউখালী থানা থেকে বদলি হয়ে চট্টগ্রামের লোহাগাড়া থানায় যোগদান করেন। তিনি সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া এলাকার মৃত আনোয়ারুল হকের ছেলে।

লোহাগাড়া থানা সূত্র জানায়, প্রায় ৩২ বছরের চাকরি জীবনে দায়িত্ব পালন করেছেন এসআই আজিজুল হক। ব্যক্তিগত জীবনে তিনি দুই স্ত্রীর স্বামী ছিলেন। প্রথম সংসারে তার এক ছেলে ও এক মেয়ে এবং দ্বিতীয় সংসারে এক ছেলে সন্তান রয়েছে।

নিহতের স্ত্রী জেসমিন বেগম জানান, পুলিশ সদর দপ্তর থেকে তাকে স্বামীর মৃত্যুর খবর জানানো হয়েছে। তিনি বলেন, গত চার দিন ধরে আজিজুল হক বুকে ব্যথা, ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে এসআই আজিজুল হকের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত হতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

তিনি আরও জানান, লোহাগাড়া থানায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর চট্টগ্রাম পুলিশ লাইনসে দ্বিতীয় জানাজা শেষে জেলা পুলিশের পক্ষ থেকে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।