ঝিনাইদহে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদক ও প্রশাসক শফিকুল ইসলাম। শনিবার দুপুর ২টায় ঝিনাইদহ প্রেস ইউনিটির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি মো. আনোয়ার হোসেন, দৈনিক ভোরের সময় পত্রিকার জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম আসাদ মণ্ডল, দৈনিক ফাইনালশিয়াল পত্রিকার জেলা প্রতিনিধি ফিরোজ আহমেদ, দৈনিক অভয়নগর পত্রিকার জেলা প্রতিনিধি মো. লিটন হোসেনসহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
মতবিনিময় সভায় শফিকুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও পেশাগত নৈতিকতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্য সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে যথাযথ নিয়মনীতি অনুসরণ করে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরতে অনুসন্ধানী সাংবাদিকতার প্রতি আরও বেশি গুরুত্ব দেওয়ারও পরামর্শ দেন।
সভায় সাংবাদিকরা গণমাধ্যমের বিভিন্ন দিক নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সাংবাদিকতার মানোন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।