এইচএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না দুই ছাত্রের

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নরসিংদীর শিবপুরে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাফিজ (২২) ও স্বাধীন (২১) নামে দুই এইচএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুরে ইটাখোলা-শিবপুর সড়কের বাজনাবো বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাফিজ নরসিংদী সদর উপজেলার হাজীপুর গ্রামের ওয়াসিম মিয়ার ছেলে এবং স্বাধীন একই গ্রামের আসাদ উল বেপারির ছেলে। তারা দুজনই আব্দুল মান্নান ভূইয়া কলেজের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে শিবপুর শহীদ আসাদ কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা শেষে নাফিজ ও স্বাধীন মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে বাজনাবো বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ইটাখোলা দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর গুরুতর আহত অবস্থায় নাফিজ ও স্বাধীনকে উদ্ধার করার চেষ্টা করা হলেও ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সহপাঠী ও স্বজনদের মধ্যে নেমে আসে কান্নার রোল।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনূর মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও পিকআপটি জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুই তরুণ শিক্ষার্থীর অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে গভীর শোক বিরাজ করছে। সংশ্লিষ্টরা সড়কে যানবাহন চলাচলে সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।