আমরা সবাই মিলে দেশ গড়ার কাজে অংশগ্রহণ করতে চাই: জামায়াতের আমির

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বিএনপিকে উদ্দেশ করে বলেছেন, দেশের উন্নয়ন ও পুনর্গঠনে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে চান তারা। তবে রাজনৈতিকভাবে চাপ প্রয়োগ করে রাজপথের দিকে ঠেলে দেওয়া হলে পরিস্থিতি কঠিন হতে পারে বলে সতর্ক করেন তিনি।

শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে আয়োজিত ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান। গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে এ বিভাগীয় সমাবেশের আয়োজন করা হয়।

বক্তব্যে জামায়াত আমির বলেন, “আমরা সবাই মিলে দেশ গড়ার কাজে অংশগ্রহণ করতে চাই। কিন্তু আপনারা যেভাবে ধাক্কায়ে ধাক্কায়ে আমাদের রাজপথের দিকে দিচ্ছেন, রাজপথ জ্বলে উঠলে সেই আগুনে অনেক কিছু পুড়ে ছারখার হয়ে যাবে।”

তিনি বলেন, অতীতের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। ১৯৯১ সালের পর ক্ষমতায় এসে কেয়ারটেকার সরকার ব্যবস্থা নিয়ে যারা অবস্থান নিয়েছিলেন, তারা পরে এর গুরুত্ব বুঝেছেন বলে মন্তব্য করেন তিনি। জাতির ক্ষতি হওয়ার পর নয়, আগেই বিষয়গুলো উপলব্ধি করার আহ্বান জানান তিনি।

ডা. শফিকুর রহমান আরও বলেন, তারা রাজপথের সংঘাত চান না, বরং জনগণের স্বার্থে শান্তিপূর্ণ ও কার্যকর রাজনৈতিক পরিবেশ চান। দেশের কল্যাণে সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। গণভোটের প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, যে গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষ রায় দিয়েছে, সেই একই দিনের ভোটে নির্বাচিত সরকার এখন দায়িত্বে রয়েছে। তিনি দাবি করেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে বর্তমান সরকারের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠবে।

তিনি বলেন, জনগণের রায়কে উপেক্ষা করা যাবে না। গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়নে জনগণ প্রয়োজন হলে আন্দোলনের মাধ্যমে চাপ সৃষ্টি করবে বলেও মন্তব্য করেন তিনি। সমাবেশে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, জনদুর্ভোগ কমানো এবং জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।