বান্দরবানের আলীকদম সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) আয়োজিত এ অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগের স্মৃতিচারণ এবং তাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলীকদম সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু সিদ্দিক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মাশুক এলাহি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. সোয়াইব।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাশুক এলাহি বলেন, আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমসহ প্রায় দুই হাজার শহিদের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশ পেয়েছে। তিনি দাবি করেন, দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীন রাষ্ট্রে থেকেও স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ থেকে বঞ্চিত ছিল। শহিদদের রক্তের বিনিময়ে মানুষ আজ স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, তাদের এই আত্মত্যাগের ঋণ জাতি কোনোদিন শোধ করতে পারবে না।
তিনি আরও বলেন, “যাদের রক্তের ওপর দাঁড়িয়ে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে, তারা আজ জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে তালবাহানা শুরু করেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের ধমনিতে যতক্ষণ নিঃশ্বাস থাকবে ততক্ষণ এই তালবাহানা মেনে নেওয়া হবে না।”
মাওলানা মাশুক এলাহি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে জুলাই শহিদ ও আন্দোলনের যোদ্ধাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনের সকল শহিদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা উলামা বিভাগের সহ-সভাপতি মাওলানা আবু জর গেফারী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বায়তুলমাল সম্পাদক হাফেজ ইব্রাহিমসহ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতাকর্মীরা। বক্তারা জুলাই শহিদদের আদর্শ ধারণ করে ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।