পারস্য উপসাগরের কৌশলগত হরমুজ প্রণালি বন্ধের পর এবার বিশ্বের অন্যতম ব্যস্ত নৌপথ লোহিত সাগরের রুটও বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র যদি ইরানের জাতীয় বিদ্যুৎ গ্রিড বা জ্বালানি অবকাঠামোতে হামলা চালায়, তাহলে পাল্টা ব্যবস্থা হিসেবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের এ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।
বৃহস্পতিবার (১৬ জুলাই) উচ্চপর্যায়ের একাধিক সূত্রের বরাতে রয়টার্স জানায়, তেহরানের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনার পর হুথি গোষ্ঠীর কাছে এ বিষয়ে বার্তা পাঠানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি বন্ধ থাকায় ইতোমধ্যে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যে লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালীর মতো গুরুত্বপূর্ণ আরেকটি নৌপথ বন্ধ হয়ে গেলে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থা বড় ধরনের সংকটে পড়তে পারে।
হুথি সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ইয়েমেনের হোদাইদাহ ও এডেন উপসাগরের মধ্যবর্তী পাহাড়ি এলাকায় এবং লোহিত সাগরের প্রবেশপথের কাছে বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রস্তুত রাখা হয়েছে। বাণিজ্যিক জাহাজসহ গুরুত্বপূর্ণ নৌযানে হামলা চালিয়ে ওই রুট অচল করার সক্ষমতা তাদের রয়েছে বলে দাবি করা হয়েছে।
সূত্রের দাবি, ইয়েমেনে অবস্থানরত ইরানের ইসলামি রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রতিনিধিদের কাছ থেকে চূড়ান্ত নির্দেশনা পেলেই হুথিরা বড় ধরনের সামরিক পদক্ষেপ নিতে পারে।
এর আগে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার জেরে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি তেহরান হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছিল। বিশ্বের মোট জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই পথ দিয়ে পরিবহন হয়। পরে সংঘাত ও যুদ্ধবিরতির পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের বিদ্যুৎ অবকাঠামোয় হামলার হুমকি এলে নতুন করে উত্তেজনা বাড়ে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি ও লোহিত সাগরের নৌপথ একই সঙ্গে অচল হয়ে গেলে মধ্যপ্রাচ্যের সংঘাত বৈশ্বিক পর্যায়ে আরও বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে তেল সরবরাহ, আন্তর্জাতিক বাণিজ্য ও নৌপরিবহন ব্যবস্থায় বড় ধরনের চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলোও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। হুথি হামলা ও আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির কারণে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।