সৌদিতে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই ভাই নিহত

চন্দ্রগঞ্জ উপজেলা প্রতিনিধ, মুহাম্মদ মাহফুজুল ইসলাম প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

সৌদি আরবে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দুই সহোদর ভাই নিহত হয়েছেন। গত বুধবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চন্দ্রগঞ্জ ইউনিয়নের গণিপুর গ্রামের ফয়েজ আহমেদ সজীব (২৯) ও তার ছোট ভাই ফরহাদ হোসেন সুজন (২১)।

পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার প্রয়োজনে দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছিলেন দুই ভাই। সেখানে তারা ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। বুধবার রাতে ব্যবসায়িক কাজ শেষে ফেরার পথে তাদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।

দুই সহোদরের মৃত্যুর খবর দেশে পৌঁছালে লক্ষ্মীপুরের গণিপুর গ্রামসহ আশপাশের এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়। একই পরিবারের দুই সন্তানের অকাল মৃত্যুতে স্বজনরা ভেঙে পড়েছেন। প্রতিবেশী ও স্থানীয়রা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

নিহতদের পরিবারের পক্ষ থেকে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করা হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোক বিরাজ করছে। প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সড়ক নিরাপত্তা ব্যবস্থাপনা আরও জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।