দীর্ঘদিন ধরে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা, অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় র্যাব-৮ এর সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. মাসুদুর রহমান মনিরকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। বৃহস্পতিবার (১৬ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। এর আগে বুধবার (১৫ জুলাই) জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
প্রজ্ঞাপনে বলা হয়, মো. মাসুদুর রহমান মনির বরিশাল র্যাব-৮ সিপিএসসির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) হিসেবে দায়িত্ব পালনকালে ২০২৪ সালের ১৩ নভেম্বর থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।
পরে তার অফিস কক্ষে তল্লাশি চালিয়ে ১০ দিনের ছুটির একটি আবেদনপত্র পাওয়া যায়। এরপর একই বছরের ১৮ নভেম্বর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তিনি চিকিৎসকের পরামর্শপত্রসহ চার সপ্তাহের মেডিকেল ছুটির আবেদন সংশ্লিষ্ট দপ্তরে পাঠান।
তবে ছুটির আবেদন দুটি সরকারি বিধি অনুযায়ী যথাযথ না হওয়ায় তা অনুমোদন করা হয়নি। পরে ১৫ ডিসেম্বর র্যাব সদর দপ্তর থেকে বিষয়টি বরিশাল র্যাব-৮ এর অধিনায়কের কাছে পাঠানো হয়।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে তার অনুপস্থিতির সময় ৬০ দিনের বেশি হওয়ায় ২০২৫ সালের ১৭ মার্চ পুলিশ অধিদপ্তর থেকে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়।
পরবর্তীতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ও ৩(গ) ধারা অনুযায়ী বিভাগীয় তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে অননুমোদিতভাবে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা, অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
এর আগে গত ৯ জুলাই একই বিধিমালা লঙ্ঘনের অভিযোগে পুলিশের চার কর্মকর্তাকেও চাকরি থেকে বরখাস্ত করা হয়। তারা হলেন—রাজারবাগ পুলিশ টেলিকম সংস্থার টেলিকম অফিসার (এএসপি) মো. মাহমুদুল হাসান, র্যাব-১৪ এর অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা, জামালপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মিশু বিশ্বাস এবং ময়মনসিংহের সাবেক শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আফজালুন নেছা। সংশ্লিষ্টরা জানান, সরকারি চাকরিতে শৃঙ্খলা বজায় রাখতে অননুমোদিত অনুপস্থিতি ও অসদাচরণের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।