মানিকগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, এমপি। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে এ রথযাত্রার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রথযাত্রার উদ্বোধন করেন মন্ত্রী আফরোজা খানম। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। জনগণের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশকে আরও সমৃদ্ধ ও অগ্রসর করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি বলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতকে আধুনিক, দক্ষ ও জনবান্ধব করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের জন্য হয়রানিমুক্ত, নিরাপদ ও মানসম্মত বিমানসেবা নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তা ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে।
রথযাত্রা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী আফরোজা খানম বলেন, “আপনাদের ভালোবাসা, শ্রদ্ধা ও আস্থার কারণেই আজ আমি এই অবস্থানে পৌঁছেছি। হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষের জন্য একটি উন্নত, নিরাপদ ও সম্প্রীতির মানিকগঞ্জ গড়ে তুলতে আপনাদের সহযোগিতা প্রয়োজন।”
তিনি আরও বলেন, মানুষের কল্যাণে কাজ করার জন্য সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী ভক্ত উপস্থিত ছিলেন। এছাড়া গণমাধ্যমকর্মীরাও অনুষ্ঠানটি কাভার করেন।
পরে ধর্মীয় আচার-অনুষ্ঠান, প্রার্থনা ও ভক্তদের অংশগ্রহণের মধ্য দিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়। উৎসবকে ঘিরে মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।