যশোরের বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৯১ হাজার টাকা।
বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে ৮টি ভারতীয় শাড়ি, ৫০০ গ্রাম জিরা, ২০ কেজি ফুসকা, ১২০টি চকলেট এবং ২৭৬টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯০ হাজার ৬৫০ টাকা।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান (পিএসসি) জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি বিশেষ পরিকল্পনার আওতায় নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করছে। এর ধারাবাহিকতায় ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকায় নিয়মিত অভিযানের মাধ্যমে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।
তিনি আরও বলেন, সীমান্তে চোরাচালান এবং মাদক পাচার রোধে বিজিবির কঠোর নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।