বৃষ্টির দাপটে বাড়তি সবজির দাম, কাঁচা মরিচে ডাবল সেঞ্চুরি

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

গত কয়েক দিনের টানা বৃষ্টি ও সরবরাহ সংকটের প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। অধিকাংশ সবজির কেজি এখন ১০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। একই সঙ্গে কাঁচা মরিচের দামও ঊর্ধ্বমুখী হয়ে ভালো মানের মরিচের কেজি ২০০ টাকায় পৌঁছেছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল ও নিউমার্কেট কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, গত কয়েক দিনের তুলনায় বেশির ভাগ সবজির দাম কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। কোনো কোনো সবজির ক্ষেত্রে এই বৃদ্ধি ৬০ টাকা পর্যন্ত পৌঁছেছে। কয়েক দিন আগেও ৬০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হওয়া হাইব্রিড শসা এখন ১২০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি শসার দাম আরও বেশি, প্রতি কেজি ১৫০ থেকে ২০০ টাকা।

একইভাবে বেগুন ও করলার দামও বেড়েছে। আগে ৮০ টাকা কেজিতে বিক্রি হওয়া এসব সবজি এখন ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপি, বরবটি, ঢ্যাঁড়স, ঝিঙে ও চিচিঙ্গার মতো সবজির দামও বেড়ে কেজিপ্রতি ৮০ থেকে ১২০ টাকার মধ্যে পৌঁছেছে। এছাড়া একটি লাউ কিনতে গুনতে হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা, যা কয়েক দিন আগেও ছিল প্রায় ৬০ টাকা।

সবজির পাশাপাশি বেড়েছে কাঁচা মরিচের দামও। কয়েক দিন আগেও ১২০ টাকায় বিক্রি হওয়া কাঁচা মরিচ এখন সাধারণ মানের ক্ষেত্রে ১৬০ থেকে ১৮০ টাকা এবং ভালো মানের ক্ষেত্রে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীদের দাবি, টানা বৃষ্টির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে সবজির খেত পানিতে তলিয়ে গেছে। এতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবহনেও সমস্যা তৈরি হয়েছে। ফলে বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। তবে এই পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা করার চেষ্টা করছেন বলেও অভিযোগ রয়েছে।

অন্যদিকে কিছু পণ্যের দামে স্বস্তি মিলেছে। পেঁপের কেজি ৩০ টাকা থেকে কমে ২০ টাকায় নেমেছে। আমদানি বাড়ায় টমেটোর দাম ২৪০ টাকা থেকে কমে ১৫০ টাকায় এসেছে। এছাড়া পেঁয়াজ ৪০ টাকা এবং আলু ২৫ টাকা কেজি দরে অপরিবর্তিত রয়েছে।

মোহাম্মদপুর টাউন হল বাজারের সবজি বিক্রেতা আল নাহিয়ান খান বলেন, “বৃষ্টির কারণে বাজারে সবজির সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। আগে যেখানে প্রতিদিন ১০০ কেজি সবজি আসত, এখন আসছে প্রায় ৬০ কেজি। চাহিদা একই থাকায় পাইকারি বাজার থেকেই বেশি দামে কিনতে হচ্ছে।”

তিনি আরও জানান, নতুন মৌসুমের সবজি বাজারে না আসা পর্যন্ত আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে দামের বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। এদিকে হঠাৎ দাম বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। মোহাম্মদপুরের বাসিন্দা হুমায়রা হোসেন বলেন, “বৃষ্টির কারণে কিছুটা দাম বাড়তে পারে, কিন্তু যেভাবে সবজির দাম বেড়েছে, তা অস্বাভাবিক। বিশেষ করে কাঁচা মরিচের কেজি ২০০ টাকা হয়ে যাওয়া সাধারণ মানুষের জন্য বড় চাপ সৃষ্টি করেছে।”