বিরলে আকিম উদ্দীন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শন

বিরল (দিনাজপুর) প্রতিনিধি, আবুল কালাম আজাদ প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

দিনাজপুরের বিরল উপজেলার ১ নম্বর আজিমপুর ইউনিয়নের দেবীপুর গ্রামে অবস্থিত আকিম উদ্দীন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল ইসলাম। বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি ও সার্বিক পরিবেশ পরিদর্শন করেন তিনি।

বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে সরেজমিনে পরিদর্শনে গেলে ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থী সিনথিয়া, শুভ রঞ্জন রায়, প্রধান শিক্ষক মো. ইয়াকুব আলীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পড়াশোনার খোঁজখবর নেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটিয়ে তাদের শিক্ষা কার্যক্রম, সমস্যা ও প্রয়োজনীয় বিষয়গুলো সম্পর্কে অবগত হন।

এ সময় ইউএনও বিদ্যালয়ের মাঠে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন। পাশাপাশি বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মাঝে একটি করে পেয়ারা গাছের চারা বিতরণ করেন। পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে শিক্ষার্থীদের উৎসাহিত করতে তিনি এ উদ্যোগ নেন।

বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম, শিক্ষক-শিক্ষার্থীদের আন্তরিকতা এবং শিক্ষা পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল ইসলাম। তিনি বলেন, প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের শিক্ষা ও বিকাশে বিশেষ যত্ন প্রয়োজন। তাদের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষকরা জানান, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে তারা নিয়মিত কাজ করে যাচ্ছেন। ইউএনওর এ পরিদর্শনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেন। তারা আশা করেন, প্রশাসনের সহযোগিতায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও এগিয়ে যাবে।