বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরে হামলা ও ড্রোন ভূপাতিত করল ইরান

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে হামলা এবং একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। বৃহস্পতিবার (১৬ জুলাই) আইআরজিসির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিমের বরাতে জানা গেছে, আইআরজিসি দাবি করেছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আন্দিমেশকের আকাশে একটি ‘শত্রু’ এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করা হয়েছে। ইরানি বাহিনীর দাবি, তাদের মহাকাশ বাহিনীর পরিচালিত নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ওই ড্রোনটি ধ্বংস করা হয়।

এদিকে, জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে। তবে এসব ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু বা হামলার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। অন্যদিকে, ইরাকের কুর্দি বাহিনী জানিয়েছে, মার্কিন নেতৃত্বাধীন জোট উত্তর ইরাকের কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলের আকাশে বিস্ফোরকবোঝাই আটটি ড্রোন ভূপাতিত করেছে।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, এরবিলে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছাকাছি এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ধোঁয়া উঠতে দেখা গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। বিভিন্ন কৌশলগত স্থাপনা, সামরিক ঘাঁটি ও আকাশসীমাকে ঘিরে বাড়ছে উদ্বেগ।

বিশ্লেষকদের মতে, ইরান, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র দেশগুলোর মধ্যে চলমান উত্তেজনা আরও বিস্তৃত হলে আঞ্চলিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে। আন্তর্জাতিক মহল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কূটনৈতিক উদ্যোগের ওপর গুরুত্ব দিচ্ছে। তবে এখন পর্যন্ত সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।