নেছারাবাদে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নেছারাবাদ প্রতিনিধি, ফরিদ আহমেদ প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, এক মিনিট নীরবতা পালন এবং শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ, নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান, স্বরূপকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কালাম আজাদসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্থান করে নিয়েছে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া এ আন্দোলন পরবর্তীতে বৈষম্য, অন্যায় ও দমন-পীড়নের বিরুদ্ধে গণআন্দোলনে রূপ নেয়। আন্দোলনের বিভিন্ন পর্যায়ে প্রাণ হারানো শিক্ষার্থী ও সাধারণ মানুষের আত্মত্যাগের স্মরণে প্রতিবছর ১৬ জুলাই ‘জুলাই শহিদ দিবস’ পালন করা হয়।

বক্তারা আরও বলেন, জুলাই শহিদদের আত্মত্যাগ ন্যায়, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার অনুপ্রেরণা হিসেবে ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাবে। তাদের আদর্শ ধারণ করে বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানের শুরুতে জুলাই শহিদদের স্মরণে উপস্থিত সবাই এক মিনিট নীরবতা পালন করেন। পরে শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।