দিনাজপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী গিরিধারীজিউ জগন্নাথ দেবের রথযাত্রা বর্ণাঢ্য আয়োজন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) শহরের রায়সাহেব বাড়ি ও গুঞ্জাবাড়ী ইস্কন মন্দির থেকে পৃথকভাবে রথযাত্রা বের হলে উৎসবমুখর পরিবেশে হাজারো ভক্ত ও পুণ্যার্থীর পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
দুপুরে রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর-৩ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। পরে দুপুর দেড়টায় রায়সাহেব বাড়ি এবং আড়াইটায় গুঞ্জাবাড়ী ইস্কন মন্দির প্রাঙ্গণ থেকে রথ শোভাযাত্রা শুরু হয়। রথ বের হওয়ার আগে দুই স্থানে বিশেষ পূজা, প্রার্থনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
রথযাত্রাকে ঘিরে দিনাজপুর শহরজুড়ে সৃষ্টি হয় উৎসবের আবহ। জেলার পাশাপাশি আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত হাজার হাজার ভক্ত, দর্শনার্থী ও পুণ্যার্থীর উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ এবং শোভাযাত্রার পথ জনসমাগমে পরিপূর্ণ হয়ে ওঠে।
হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে জগন্নাথ দেবের এই ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজকরা বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করেছেন। আগামী ২৫ জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে এ বছরের উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি হবে।
রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হামিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, রায়সাহেব বাড়ি দেবোত্তর স্টেটের এজেন্ট চিত্ত ঘোষ, রায়সাহেব বাড়ি লোকনাথ মন্দির কমিটির সাধারণ সম্পাদক মানবেন্দ্র দাস মনোজ, বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক ভক্ত ও পুণ্যার্থী।