টুঙ্গিপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের ঘরে অগ্নিকাণ্ড, স্বামীর বিরুদ্ধে অভিযোগ স্ত্রীর বিচ্ছেদ

টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি, জসিম মুন্সী  প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার সিংগিপাড়া এলাকায় পারিবারিক বিরোধের জেরে সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে শাহআলম শেখ (বাবু) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ঘরটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরে স্বামীর বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে তার স্ত্রী তাছলিমা খানম আইনগত প্রক্রিয়ায় বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুজিব শতবর্ষ উপলক্ষে সরকারের দেওয়া আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে শাহআলম শেখ, তার স্ত্রী ও দুই সন্তান বসবাস করতেন। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। ভুক্তভোগী স্ত্রীর অভিযোগ, স্বামী তাকে বিভিন্ন সময়ে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। একপর্যায়ে তিনি দুই সন্তানকে নিয়ে আলাদা বসবাস শুরু করেন।

স্থানীয়দের অভিযোগ, পারিবারিক বিরোধের জেরে শাহআলম শেখ ক্ষুব্ধ হয়ে আশ্রয়ণ প্রকল্পের ঘরটি পুড়িয়ে দেওয়ার হুমকি দেন। পরে শনিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে ওই ঘরে আগুন লাগে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ঘরের অধিকাংশ অংশ পুড়ে যায়।

তাছলিমা খানম অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে স্বামীর নির্যাতন, ভরণ-পোষণ না দেওয়া এবং নেশাগ্রস্ত আচরণের কারণে তিনি নানা সমস্যার মধ্যে ছিলেন। আশ্রয়ণ প্রকল্পের ঘরে অগ্নিকাণ্ডের ঘটনার পর তিনি স্বামীর সঙ্গে আর বৈবাহিক সম্পর্ক বজায় রাখা সম্ভব নয় মনে করে আইনগত প্রক্রিয়ায় বিবাহবিচ্ছেদ করেছেন।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানিয়েছে, আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। স্থানীয়রা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।