নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের স্পিডবোটের রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে নদীতে পড়ে নিখোঁজ হওয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি মো. সাদিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রায় ৮ ঘণ্টার উদ্ধার অভিযানের পর বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় তার মরদেহ খুঁজে পান উদ্ধারকারী দলের সদস্যরা।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১১টা ২০ মিনিটের দিকে নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের স্পিডবোটের রক্ষণাবেক্ষণ কাজ চলছিল। এ সময় হঠাৎ নদীতে পড়ে নিখোঁজ হন ডুবুরি মো. সাদিক।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। পরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের ডুবুরি দলও অভিযানে যুক্ত হয়।
দীর্ঘ সময় তল্লাশি চালানোর পর সন্ধ্যা ৭টা ৩ মিনিটে আরিচা কাম-স্থল নদী ফায়ার স্টেশনের ডুবুরি মেরাজ আলী নদী থেকে সাদিকের মরদেহ উদ্ধার করেন। নিহত মো. সাদিকের বাড়ি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কুমড়াকান্দি গ্রামে। তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একজন দক্ষ ডুবুরি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
কর্মক্ষেত্রে সাহসিকতা ও বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে গত বছর ফায়ার সার্ভিসের রাষ্ট্রীয় পদক পেয়েছিলেন সাদিক। তার মৃত্যুতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সংশ্লিষ্টরা জানান, উদ্ধারকাজে নিয়োজিত ডুবুরি দলের সদস্যরা দীর্ঘ সময় ধরে ঝুঁকি নিয়ে অভিযান পরিচালনা করেন। পরে মরদেহ উদ্ধারের মাধ্যমে এ অভিযানের সমাপ্তি ঘটে।