জুলাই শহীদদের স্মরণে শান্তিগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সুনামগঞ্জ ক্রাইম রিপোর্টার, রুয়েব আহমেদ প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৩টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইসলাম উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর রহমান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল্লাহ, উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাজেদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, আক্তারুজ্জামান বাবুল, আব্দাল মিয়া, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক, গণমাধ্যমকর্মী শাহ নেওয়াজ, জুলাই যোদ্ধা হাবিবুল্লাহ আহমেদ ও শাহীনুর রহমান।

বক্তারা বলেন, জুলাই শহীদ দিবস দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল অধ্যায়। গণতন্ত্র, ন্যায়বিচার, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা এবং মানবাধিকারের জন্য যারা আত্মত্যাগ করেছেন, তাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তারা জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, শহীদদের আদর্শ ধারণ করে একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, আব্দুল মজিদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদুর রউফ পল্লব, প্রভাষক কবির আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের স্মৃতি ও শহীদদের আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এ ইতিহাস সংরক্ষণের আহ্বান জানানো হয়।