জাতীয় যুব দিবস আগের মতো ১ নভেম্বর

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

অন্তর্বর্তী সরকারের সময়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একই দিনে উদযাপনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা থেকে সরে এসেছে বর্তমান সরকার। এখন থেকে আগের মতোই পৃথক দিনে দিবস দুটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রিসভা প্রতি বছর ১ নভেম্বর ‘জাতীয় যুব দিবস’ এবং ১২ আগস্ট ‘আন্তর্জাতিক যুব দিবস’ পৃথকভাবে উদযাপনের প্রস্তাব অনুমোদন করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এতদিন ১ নভেম্বর জাতীয় যুব দিবস এবং ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পৃথকভাবে পালন করা হয়ে আসছিল। তবে অন্তর্বর্তী সরকারের সময়ে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে দুই দিবস একই দিনে অর্থাৎ ১২ আগস্ট উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে ২০২৫ সালে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একসঙ্গে ১২ আগস্ট পালন করতে গিয়ে নানা সমস্যার মুখে পড়তে হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বর্ষাকাল থাকায় ওই সময় আয়োজিত যুব র‍্যালি, যুব সমাবেশ ও যুব মেলা সফলভাবে আয়োজন করা সম্ভব হয়নি। ফলে যুব উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রিতে সমস্যায় পড়েন।

মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় যুব দিবস ছাড়া অন্য সময়ে যুবমেলার আয়োজন করা হলে কাঙ্ক্ষিত জনসম্পৃক্ততা ও বাণিজ্যিক সফলতা পাওয়া যায় না। জাতীয় যুব দিবস সাধারণত সরকারি অর্থায়নে উদযাপন করা হলেও আন্তর্জাতিক যুব দিবস সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের সহায়তায় পালিত হয়।

এসব বিষয় বিবেচনায় নিয়ে মন্ত্রিসভা জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পৃথকভাবে পালনের সিদ্ধান্ত নেয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি বছর ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস এবং ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপন করা হবে।

সরকার আশা করছে, পৃথক সময়ে দিবস দুটি পালন করা হলে যুবসমাজকে সম্পৃক্ত করে আয়োজিত বিভিন্ন কর্মসূচি আরও কার্যকর ও ফলপ্রসূ হবে। পাশাপাশি যুব উদ্যোক্তাদের অংশগ্রহণ ও পণ্য প্রদর্শনের সুযোগও বাড়বে।