আত্রাই নদীতে অবৈধ মাছ শিকারের বিরুদ্ধে অভিযান

নওগাঁ জেলা প্রতিনিধি, আব্দুল মজিদ মল্লিক প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

নওগাঁর আত্রাই উপজেলায় অবৈধভাবে মাছ শিকার বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে প্রায় ৭০ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের অবৈধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার শুটকিগাছা ও রসুলপুর রাবার ড্রাম সংলগ্ন আত্রাই নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান জানান, অভিযানে একটি বেড় জাল, ১২টি রিং জাল এবং একটি সোতি জালের অবকাঠামো জব্দ করা হয়। জব্দকৃত সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ হাজার টাকা। পরে জনসম্মুখে এসব অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

তিনি আরও জানান, জেলা মৎস্য কর্মকর্তার নির্দেশনায় অবৈধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। নদীর জীববৈচিত্র্য সংরক্ষণ এবং দেশীয় প্রজাতির মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে আত্রাই থানা পুলিশের সদস্য এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।