মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বিশেষ মহড়া পরিচালনা করেছে পুলিশ। উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনসমাগমপূর্ণ এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থানের বার্তা দেওয়া হয়।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) প্রণয় রায়ের নেতৃত্বে এ বিশেষ মহড়া পরিচালিত হয়। এতে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন।
মহড়ায় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনবহুল এলাকায় পুলিশের উপস্থিতি জোরদার করা হয়। একই সঙ্গে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি বাড়ানো হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নেছারাবাদ সার্কেলে নিয়মিত টহল, বিশেষ অভিযান ও বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
মহড়া শেষে সহকারী পুলিশ সুপার প্রণয় রায় পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী, চোরাকারবারি এবং অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত ও কঠোর অভিযান পরিচালনা অব্যাহত রাখতে তিনি নির্দেশনা দেন।
তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। মাদকমুক্ত নেছারাবাদ গড়ে তুলতে নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি এবং জনসচেতনতামূলক কার্যক্রম চলমান থাকবে। এ কাজে সাধারণ মানুষের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
পুলিশ সূত্রে জানা গেছে, মাদক কারবারি ও অপরাধীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তথ্যের ভিত্তিতে অভিযান আরও জোরদার করা হবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, নিয়মিত এ ধরনের মহড়া, টহল ও মাদকবিরোধী অভিযান পরিচালিত হলে এলাকায় মাদকের বিস্তার কমবে, অপরাধ নিয়ন্ত্রণে আসবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে।