তবে কি বিয়ে করেছেন আরিফিন শুভ-কেয়া পায়েল?

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বুধবার, ১৫ জুলাই, ২০২৬

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ ও অভিনেত্রী কেয়া পায়েলের একটি ঘনিষ্ঠ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। দুজনই নিজেদের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একই ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, “Happily Married with Keya Payel”। এরপর থেকেই ভক্ত-অনুরাগীদের মধ্যে শুরু হয় নানা জল্পনা-কল্পনা।

বিশেষ করে আরিফিন শুভর ব্যক্তিগত জীবন নিয়ে আগের আলোচনার প্রেক্ষাপটে অনেকেই ধারণা করেন, হয়তো সত্যিই তারা বিয়ে করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি দ্রুত ছড়িয়ে পড়লে অভিনন্দন জানিয়ে মন্তব্য করতে থাকেন অনেক অনুসারী। তবে অনুসন্ধানে জানা গেছে, বাস্তবে আরিফিন শুভ ও কেয়া পায়েলের বিয়ে হয়নি। এটি তাদের নতুন ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’-এর প্রচারণার অংশ।

জানা গেছে, এই ওয়েব ফিল্মে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল। চলচ্চিত্রটি পরিচালনা করছেন নির্মাতা জাহিদ প্রীতম এবং প্রযোজনা করছে ছবিয়াল। ইতোমধ্যে এর শুটিং শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দর্শকদের আগ্রহ তৈরি করতেই ব্যতিক্রমী প্রচারণার কৌশল হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন পোস্ট দেওয়া হয়েছে। ফলে শুরুতে অনেকেই বিষয়টিকে বাস্তব ঘটনা বলে মনে করলেও পরে জানা যায়, এটি সম্পূর্ণরূপে একটি প্রচারণামূলক ক্যাম্পেইনের অংশ।

ওয়েব ফিল্মটির গল্প, মুক্তির তারিখ এবং অন্যান্য অভিনয়শিল্পীদের বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে শুভ ও কেয়া পায়েলের নতুন এই জুটি এবং ভিন্নধর্মী প্রচারণা ইতোমধ্যেই দর্শকদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে। চলচ্চিত্রপ্রেমীদের প্রত্যাশা, পর্দায় এই নতুন জুটির রসায়ন দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে।