সাতক্ষীরার সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আবেদনসমুহ যাচাই বাছাইয়ের সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি, রমজান আলী প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে সাতক্ষীরার সাংবাদিকদের করা আবেদন যাচাই-বাছাইয়ের লক্ষ্যে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৪ জুলাই) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। এ সময় উপস্থিত ছিলেন জেলা যাচাই-বাছাই কমিটির সদস্য ও সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রফিকুল ইসলাম, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামানসহ কমিটির অন্যান্য সদস্যরা।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট তথ্য মন্ত্রণালয়ের অধীন একটি কল্যাণমূলক প্রতিষ্ঠান। দেশের সাংবাদিকদের বিভিন্ন ধরনের সহায়তা দেওয়ার লক্ষ্যে এ ট্রাস্ট কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সংকট মোকাবিলায় সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ট্রাস্ট থেকে প্রাপ্ত সহায়তা সাংবাদিকদের সম্মান বৃদ্ধি এবং কাজের গতিশীলতা বাড়াতে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় সাতক্ষীরা জেলার সাংবাদিকদের জমা দেওয়া আবেদনগুলো যাচাই-বাছাই করা হয়। আবেদনকারীদের তথ্য, প্রয়োজনীয় কাগজপত্র ও সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৪৫টি আবেদন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ঢাকাস্থ কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিটির সদস্যরা জানান, যাচাই-বাছাই প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিয়মনীতি অনুসরণ করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির অনুমোদনের পর সংশ্লিষ্ট সাংবাদিকরা কল্যাণ ট্রাস্টের নির্ধারিত সহায়তা পাওয়ার সুযোগ পাবেন।

সভায় সাংবাদিকদের কল্যাণে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের বিষয়েও আলোচনা করা হয়। উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দেশের সাংবাদিকদের আর্থিক ও পেশাগত সহায়তা কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।