শেরপুরে বন্যাকবলিত মানুষের পাশে জেলা প্রশাসন

শেরপুর জেলা প্রতিনিধি, রাসেল  প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

শেরপুরের শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের গড়পাড়া গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ও দুর্ভোগে থাকা মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন।

মঙ্গলবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ. ফরিদা ইয়াসমিন সরেজমিনে দুর্গত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসকের পক্ষ থেকে মানবিক সহায়তা হিসেবে ২৫টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার এবং ২০টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।

এ সময় জেলা প্রশাসক মিজ. ফরিদা ইয়াসমিন বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। পুনর্বাসনসহ দুর্গত মানুষের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে জেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।”

সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ, উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাবৃন্দ, খড়িয়া কাজিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দুলাল মিয়া, খড়িয়া কাজিরচর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল কবির রুপাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মানবিক সহায়তা পেয়ে উপকারভোগীরা জেলা প্রশাসক ও জেলা প্রশাসন, শেরপুরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো, দ্রুত ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে জেলা প্রশাসন, শেরপুরের উদ্যোগ অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।