র‍্যাব সদস্যদের ওপর হামলার মামলায় নবীনগরের শফিক ডাকাত গ্রেপ্তার

নবীনগর প্রতিনিধি, আবদুল হাদি প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় র‍্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত কুখ্যাত সন্ত্রাসী শফিক ডাকাতকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রবিবার (১২ জুলাই) দিবাগত মধ্যরাতে রাজধানীর কামরাঙ্গীরচর থানার রসুলবাগ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে র‍্যাব-৯ ও র‍্যাব-১০-এর যৌথ দল তাকে আটক করে।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গত সোমবার ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব-৯-এর সিপিসি-৩ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুন্নবী এ তথ্য জানান। র‍্যাব জানায়, শফিক ডাকাত হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, ধর্ষণ, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত এবং তার বিরুদ্ধে নবীনগর থানাসহ বিভিন্ন থানায় অন্তত ১৫টির বেশি মামলা রয়েছে।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল বিকেলে নবীনগর উপজেলার খায়াতুয়া গ্রামে অফিসিয়াল দায়িত্ব পালনকালে সিভিল পোশাকে থাকা র‍্যাব-৯-এর তিন গোয়েন্দা সদস্যের গাড়ির গতিরোধ করা হয়। অভিযোগ রয়েছে, শফিক ডাকাত ও তার সহযোগীরা তাদের প্রায় দুই ঘণ্টা আটকে রেখে মারধর ও নির্যাতন করে গুরুতর আহত করেন।

পরে খবর পেয়ে র‍্যাবের আরেকটি দল ঘটনাস্থলে পৌঁছে আহত সদস্যদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার পর জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে র‍্যাব। প্রথমে পাঁচজন, পরে আরও চারজন এবং সর্বশেষ শফিক ডাকাতকে গ্রেপ্তারের মাধ্যমে এ ঘটনায় মোট ১০ জনকে আটক করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুন্নবী বলেন, শফিক ডাকাত দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, ডাকাতি, চাঁদাবাজি, দখলবাজি, মাদক ব্যবসা, হত্যা ও ধর্ষণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক থানায় ১৫টিরও বেশি মামলা রয়েছে। দীর্ঘদিনের চেষ্টার পর অবশেষে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।