মুরাদনগরে কৃষককে গলা কেটে হত্যা, পুকুরে মিলল মরদেহ

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে ওহেদ ভূঁইয়া (৬০) নামে এক কৃষককে গলা কেটে হত্যার পর মরদেহ পুকুরে ফেলে রাখার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে স্থানীয় একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নিহত ওহেদ ভূঁইয়া লক্ষ্মীপুর গ্রামের ভূঁইয়া বাড়ির মৃত দুধ মিয়া ভূঁইয়ার ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি স্থানীয় একটি ইরিস্কিম প্রকল্পের ম্যানেজারের দায়িত্ব পালন করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে লক্ষ্মীপুর পশ্চিমপাড়ার আবু সাঈদের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে মুরাদনুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের স্বজনরা জানান, সোমবার রাত প্রায় ৮টার দিকে ওহেদ ভূঁইয়া বাড়ি থেকে লক্ষ্মীপুর বাজারের উদ্দেশ্যে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে মঙ্গলবার সকালে পুকুর থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের স্ত্রী অভিযোগ করে বলেন, তার স্বামী কৃষিকাজের পাশাপাশি দীর্ঘদিন ধরে একটি ইরিস্কিম প্রকল্প পরিচালনার দায়িত্বে ছিলেন। ওই প্রকল্পকে কেন্দ্র করে কয়েকজনের সঙ্গে তার বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে পরিবারের ধারণা।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের পাশাপাশি আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। তদন্তের স্বার্থে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সব বিষয় গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।