“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় সবুজ, সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) দুপুরে জেলা সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ও জেলা প্রশাসনের প্রশাসক ডা. সিরাজুল ইসলাম সিরাজ। এতে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আবু সাঈদ পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, গাছ শুধু পরিবেশ রক্ষাই করে না, মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও নিবিড়ভাবে জড়িত। তাই আগামী পাঁচ বছরে সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ সফল করতে জেলার প্রতিটি নাগরিককে অন্তত একটি করে ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগানোর আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণ কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।
জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, পরিবেশকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠান শেষে অতিথিরা বৃক্ষরোপণ করেন এবং বৃক্ষমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। আয়োজকরা জানান, পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং মানুষের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ বাড়াতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।