২০২৬ বিশ্বকাপে স্বপ্নভঙ্গের পর এবার পোকার টেবিলেও হতাশ হতে হলো ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়রকে। বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের পর আবেগাপ্লুত নেইমার এবার অংশ নিয়েছিলেন বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পোকার প্রতিযোগিতায়। তবে সেখানেও সাফল্যের দেখা পাননি তিনি।
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত ২০২৬ ওয়ার্ল্ড সিরিজ অব পোকারের (WSOP) ১০ হাজার ডলারের মেইন ইভেন্টে অংশ নেন নেইমার। শনিবার অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় পোকার টেবিলে খেলতে দেখা যায় তাকে। তবে প্রতিযোগিতার প্রথম দিনেই (ডে-১) বিদায় নিতে হয় ব্রাজিলিয়ান এই তারকাকে।
এর আগে ২০২৫ সালের ওয়ার্ল্ড সিরিজ অব পোকারে অংশ নিয়ে চমক দেখিয়েছিলেন নেইমার। সেবার তিনি ফাইনাল টেবিল পর্যন্ত পৌঁছেছিলেন। কিন্তু এবার সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তিনি।
এর আগে বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ও নেইমারের জন্য বড় হতাশার কারণ হয়ে আসে। শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ওই ম্যাচের পর আবেগ ধরে রাখতে পারেননি নেইমার, কেঁদেছিলেন মাঠেই। তার সেই দৃশ্য ফুটবলপ্রেমীদের মনেও গভীর প্রভাব ফেলেছিল।
চোটের কারণে পুরো বিশ্বকাপে নিজের সেরা ছন্দে ছিলেন না নেইমার। জাতীয় দলের হয়ে তিনি মাত্র দুটি ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন। নরওয়ের বিপক্ষে ম্যাচে অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে জাতীয় দলের হয়ে নিজের শেষ গোল করেন তিনি, তবে তা দলের পরাজয় ঠেকাতে পারেনি।
এদিকে পোকারের প্রতি নেইমারের আগ্রহ দীর্ঘদিনের। ফুটবলের বাইরে এই খেলায় নিয়মিত অংশ নিতে দেখা যায় তাকে। তবে তার এই শখ নিয়ে অতীতেও বিতর্ক তৈরি হয়েছে। চলতি বছরের শুরুতে অভিযোগ ওঠে, সান্তোসের একটি ম্যাচে না খেলেও তিনি দীর্ঘ সময় অনলাইন পোকারে ব্যস্ত ছিলেন। এ নিয়ে ব্রাজিলের ফুটবল অঙ্গনে সমালোচনার সৃষ্টি হয় এবং তার পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন ওঠে।
সব মিলিয়ে ২০২৬ সালের গ্রীষ্মকাল নেইমারের জন্য হয়ে উঠেছে হতাশার সময়। ফুটবল মাঠে বিশ্বকাপের ব্যর্থতার পর এবার পোকার টেবিলেও দ্রুত বিদায় নিতে হলো ব্রাজিলের এই সুপারস্টারকে। তবে তার ভক্তরা আশা করছেন, আগামী দিনে আবারও নিজের সেরা রূপে ফিরবেন তিনি।