সারা দেশে আগামী দুই দিন বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কম থাকতে পারে। তবে ১৬ জুলাই থেকে আবারও সক্রিয় হয়ে উঠতে পারে মৌসুমি বায়ু। এর প্রভাবে দেশের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় দেশের সব বিভাগে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কমে আসবে। এ সময়ে দেশের ৭৬ থেকে ১০০ শতাংশ এলাকায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে দিনের তাপমাত্রা ৩১ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং রাতের তাপমাত্রা ২৪ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। তবে ১৬ জুলাই থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় মৌসুমি বায়ু আরও সক্রিয় হয়ে উঠতে পারে। ফলে দেশের অধিকাংশ এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদদের মতে, উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ, মৌসুমি বায়ুর সক্রিয়তা, বায়ুপ্রবাহের পরিবর্তিত গতি এবং এল নিনোর প্রভাবে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাত হয়েছে। এর কারণে কোথাও কোথাও জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, “১৫ জুলাই পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা তুলনামূলক কম থাকবে। তবে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ১৬ জুলাই থেকে আবারও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।”
তিনি জানান, গত কয়েক দিনে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় ২০০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার জন্য দেওয়া স্বল্পমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দুপুরের মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংশ্লিষ্টরা বলছেন, সম্ভাব্য ভারী বৃষ্টির কারণে পাহাড়ি এলাকা, নদীতীরবর্তী অঞ্চল ও জলাবদ্ধতাপ্রবণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে হবে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।