প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

দেশের স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। এ সময় পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলা, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক সচেতনতা বৃদ্ধিতে সংগঠনটির চলমান কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিডি ক্লিনের তিন সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, সাক্ষাৎকালে বিডি ক্লিনের বিভিন্ন কার্যক্রম, পরিবেশ রক্ষা এবং পরিচ্ছন্নতা আন্দোলনকে আরও বিস্তৃত করার বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলে ছিলেন বিডি ক্লিনের সাবেক প্রধান সমন্বয়ক চম্পা আক্তার, জহিরুল ইসলাম রবি এবং বর্তমান প্রধান সমন্বয়ক মাসুদুর রহমান।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকদের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি এসব জনসচেতনতামূলক কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন তিনি।

এ সময় বিডি ক্লিনের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাজধানী ঢাকাকে আরও পরিচ্ছন্ন, বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। ২০১৬ সালের ৩ জুন মাত্র একজন স্বেচ্ছাসেবী নিয়ে যাত্রা শুরু করে বিডি ক্লিন। বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা ৫৮ হাজারের বেশি। দেশের ৫৮টি জেলা ও ১৬৫টি উপজেলায় কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।

গত এক দশকে বিডি ক্লিন পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। সংগঠনটির উদ্যোগে ১৮টি খাল, ৭টি নদী এবং ৭৬টি পরিচ্ছন্ন উদ্যান গড়ে তোলার কার্যক্রম সম্পন্ন হয়েছে। পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করে আসছে তারা।

বিডি ক্লিনের প্রতিনিধিরা জানান, দেশের মানুষকে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করা এবং পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার লক্ষ্যেই তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। সরকার ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।