সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ৩৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মেহেদী হাসান হাসেম (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার ১ নম্বর বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালী পাড়া গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত হাসেম ওই গ্রামের মৃত চান মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার একটি বিশেষ আভিযানিক দল বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালী পাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় হাসেমের বসতঘরে তল্লাশি চালিয়ে ৩৩০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।