শিক্ষার্থীদের নিয়ে করা মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, তার বক্তব্য কোনোভাবেই উদ্দেশ্যপ্রণোদিত ছিল না এবং শিক্ষার্থীদের কষ্ট দেওয়ার উদ্দেশ্যেও দেওয়া হয়নি।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ দুঃখ প্রকাশ করেন। শিক্ষামন্ত্রী বলেন, “আমার বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত ছিল না। যদি আমার কথায় শিক্ষার্থী বা অভিভাবকদের কেউ কষ্ট পেয়ে থাকেন, সে জন্য আমি দুঃখ প্রকাশ করছি।”
বন্যা পরিস্থিতির মধ্যেই সোমবার (১৩ জুলাই) এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়া এবং পরীক্ষার্থীদের নিয়ে তার ‘ফার্মের মুরগি’ মন্তব্যকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়।
শিক্ষামন্ত্রীর পদত্যাগ, চলমান পরীক্ষা স্থগিত এবং আগের দিনের পরীক্ষা পুনরায় নেওয়ার দাবিতে এইচএসসি পরীক্ষার্থীরা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, বিক্ষোভ ও সমাবেশ করেন।
রাজধানীর ঢাকা শিক্ষা বোর্ড, সায়েন্স ল্যাব, উত্তরাসহ ময়মনসিংহ, বরিশাল, বগুড়া, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় শিক্ষার্থীরা কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক এবং বিভিন্ন মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। দিনের একপর্যায়ে বিকেলে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ জাতীয় সংসদ ভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে।
উল্লেখ্য, বন্যা ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা আয়োজন এবং শিক্ষামন্ত্রীর মন্তব্যকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। এরপর থেকেই বিভিন্ন স্থানে আন্দোলন ছড়িয়ে পড়ে। সংসদে দেওয়া বক্তব্যে শিক্ষামন্ত্রী তার মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন এবং বলেন, তার বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে, কোনোভাবেই তা শিক্ষার্থীদের অসম্মান করার উদ্দেশ্যে ছিল না।