দিনাজপুরে ঘর থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ছোট চণ্ডীপুর কালীরহাট এলাকায় নিজ বাড়ি থেকে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে পার্বতীপুরের আমবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র। নিহতরা হলেন—ওই এলাকার রিপেন চন্দ্র রায়ের স্ত্রী ছবি রানী (৪০) এবং তাদের মেয়ে পল্লবী রানী (১৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিপেন চন্দ্র রায়ের কাছ থেকে খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য মো. ইয়াকিন আলী ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তিনি ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মা ও মেয়ের মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে আমবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করেন।

স্থানীয়দের দাবি, প্রায় ১০ থেকে ১২ দিন আগে পল্লবী পরিবারের অমতে পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলায় বিয়ে করেন। এরপর থেকেই পরিবারে অশান্তি চলছিল। স্থানীয়দের অভিযোগ, ঘটনার দিনও পারিবারিক বিষয় নিয়ে রিপেন চন্দ্র রায়ের সঙ্গে তার স্ত্রী ও মেয়ের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মারধরের ঘটনাও ঘটে বলে দাবি করেন তারা।

পরে বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে মা ও মেয়েকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে তাদের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

আমবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মো. কামাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।” এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।