ঘরে বসেই নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড করবেন যেভাবে

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

বর্তমানে অনেকেই নতুন ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন করেছেন, কিন্তু এখনো হাতে পাননি জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। অথচ ব্যাংক অ্যাকাউন্ট খোলা, সিম নিবন্ধন, চাকরির আবেদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে এনআইডির প্রয়োজন হওয়ায় অনেকেই পড়ছেন ভোগান্তিতে। তবে নির্বাচন কমিশনের কার্যালয়ে না গিয়েও অনলাইনের মাধ্যমে সহজেই এনআইডির ডিজিটাল কপি ডাউনলোড করার সুযোগ রয়েছে।

বাংলাদেশ নির্বাচন কমিশনের অনলাইন সেবা ব্যবহার করে নতুন ভোটাররা ঘরে বসেই এনআইডির পিডিএফ কপি সংগ্রহ করতে পারবেন। এই ডিজিটাল কপি ব্যবহার করে বিভিন্ন সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করা যায়।

অনলাইনে এনআইডি ডাউনলোডের জন্য আগে কিছু প্রয়োজনীয় তথ্য ও নথি প্রস্তুত রাখতে হবে। এর মধ্যে রয়েছে ভোটার নিবন্ধনের সময় পাওয়া ফরম নম্বর (NIDFN) অথবা ১৭ সংখ্যার জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্মতারিখ, সচল মোবাইল নম্বর, বর্তমান ও স্থায়ী ঠিকানার তথ্য, ফেস ভেরিফিকেশনের জন্য অ্যান্ড্রয়েড বা আইফোন এবং ‘এনআইডি ওয়ালেট’ (NID Wallet) অ্যাপ।

এনআইডি ডাউনলোড করতে প্রথমে নির্বাচন কমিশনের এনআইডি সেবা ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে। এরপর ফরম নম্বর বা জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্মতারিখ দিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। পরবর্তী ধাপে বর্তমান ও স্থায়ী ঠিকানার তথ্য নির্বাচন করতে হবে।

এরপর নিবন্ধিত মোবাইল নম্বরে একটি ওটিপি (এককালীন পাসওয়ার্ড) পাঠানো হবে। ওটিপি যাচাই সম্পন্ন হলে স্ক্রিনে একটি কিউআর কোড প্রদর্শিত হবে। এরপর মোবাইলে থাকা এনআইডি ওয়ালেট অ্যাপ দিয়ে কিউআর কোড স্ক্যান করে নির্দেশনা অনুযায়ী ফেস ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে।

ফেস ভেরিফিকেশন সফল হলে একটি পাসওয়ার্ড সেট করে এনআইডি পোর্টালে লগইন করতে হবে। এরপর নিজের প্রোফাইলে প্রবেশ করে ডাউনলোড অপশনে ক্লিক করলেই জাতীয় পরিচয়পত্রের ডিজিটাল কপি পাওয়া যাবে। প্রয়োজন অনুযায়ী এটি সংরক্ষণ বা প্রিন্ট করে ব্যবহার করা যাবে। তবে অনেক সময় নতুন ভোটারদের তথ্য সার্ভারে হালনাগাদ হতে কিছুটা সময় লাগতে পারে। সে ক্ষেত্রে সঙ্গে সঙ্গে এনআইডি ডাউনলোড সম্ভব নাও হতে পারে। কয়েকদিন পর পুনরায় চেষ্টা করতে হবে।

ফেস ভেরিফিকেশন বারবার ব্যর্থ হলে পর্যাপ্ত আলোযুক্ত স্থানে দাঁড়িয়ে চেষ্টা করা, ফোনের ক্যামেরা পরিষ্কার রাখা এবং প্রয়োজন হলে স্থান পরিবর্তন করে পুনরায় ভেরিফিকেশন করার পরামর্শ দেওয়া হয়েছে। মোবাইলে ওটিপি না এলে কিছুক্ষণ অপেক্ষা করে আবার চেষ্টা করতে হবে।

এরপরও সমস্যা থাকলে নির্বাচন কমিশনের হেল্পলাইন ১০৫ নম্বরে যোগাযোগ করা যাবে। নির্বাচন কমিশনের অনলাইন এনআইডি সেবা নতুন ভোটারদের জন্য বিশেষভাবে কার্যকর। তবে আগে থেকে এনআইডি থাকা ব্যক্তিরাও নিবন্ধিত অ্যাকাউন্টের মাধ্যমে প্রয়োজন হলে ডিজিটাল কপি ডাউনলোড করতে পারবেন। আর কার্ড হারিয়ে গেলে বা তথ্য সংশোধনের প্রয়োজন হলে নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়ম অনুসরণ করে আবেদন করতে হবে।